প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
প্যান্টের ভেতরে পিস্তল, ঘরে অস্ত্র তৈরির সরঞ্জাম

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৭। তিনি অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনির একটি কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থানের তথ্য পায় এসআরবি-৭। পরে সেখানে অভিযান চালালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করা হয়। তার নাম মো. খোরশেদ আলম রনি। তিনি হাটহাজারী উপজেলার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
অভিযানের সময় রনির পরা জিন্স প্যান্টের ভেতর থেকে লোহার তৈরি ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত একটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
এসআরবি-৭ জানিয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট