প্রিন্ট এর তারিখঃ Nov 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2026 ইং
পূর্ব বৈলছড়ীতে তৃতীয়বারের মতো নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ী অভ্যারখীল ক্রীড়া সংঘের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত নাইট অলিম্পিক টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কদমতলী শাখার কর্মকর্তা ও বাঁশখালী বিকিরণ সংস্থার সভাপতি মালেকুজ্জামান রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও সমাজসেবক মোহাম্মদ মুজিবুর রহমান, সমাজসেবক মোহাম্মদ ছাবের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নাছির উদ্দীন এবং বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব।
উদ্বোধনী পর্ব শেষে উৎসবমুখর পরিবেশে সাতকানিয়া এলিট ওয়ারিয়র্স বনাম ইফরাজ একাডেমি, অভ্যারখীলের মধ্যকার ক্রিকেট ম্যাচের উদ্বোধন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সাতকানিয়া এলিট ওয়ারিয়র্স বিজয়ী হয়। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. রিহাব।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্ব বৈলছড়ী অভ্যারখীল ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট