প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
বিশ্ব শিক্ষক দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন বিশিষ্ট শিক্ষক পেলেন গৌরবময় সম্মাননা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
'শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দিপ্তী'-এই
প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিন গুণী সাবেক শিক্ষককে সম্মাননা প্রদান করেছে রাবি প্রশাসন।
রোববার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত তিনজন হলেন— অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. মু. আযহার উদ্-দীন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম নজরুল ইসলাম এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. মামুনুল কেরামত।
ড. মু. আযহার উদ্-দীন ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি রাবির উপ-উপাচার্য ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।
ড. এম নজরুল ইসলাম ১৯৭২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও ১৯৯৩ সালে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।
অন্যদিকে, ড. মামুনুল কেরামত ১৯৯১ সালে ভারতের ইন্ডিয়ান স্কুল অব মাইনস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক এবং উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা বলেন, এ স্বীকৃতি তাঁদের জীবনের এক গর্বের মুহূর্ত। ড. আযহার উদ্-দীন বলেন, “আমার প্রিয় বিদ্যাপিঠ আজ আমাকে সম্মাননা দিয়েছে—এটি আমার জীবনের এক স্মরণীয় দিন।”
অধ্যাপক ড. এম নজরুল ইসলাম বলেন, “শিক্ষকের আসল গর্ব শিক্ষার্থীর সাফল্যে। আমি আজ আমার সেই সকল শিক্ষকদের কথা স্মরণ করছি, যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।”
অধ্যাপক ড. মামুনুল কেরামত বলেন, “সময়ের সঙ্গে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে, শিক্ষার্থীরা এখন অনেক স্মার্ট। তাই শিক্ষকদেরও হতে হবে সময়োপযোগী ও প্রযুক্তিবান্ধব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুরো আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দিবসটি রাবি পরিবারের জন্য হয়ে ওঠে শ্রদ্ধা, অনুপ্রেরণা ও কৃতজ্ঞতার এক স্মরণীয় দিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট