প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ০১, আহত ৩

প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় খোকন চন্দ্র দাস (৫০) নামের এক ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত খোকন চন্দ্র দাস উপজেলার থানা পাড়া এলাকার সুকুমার দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় খোকন চন্দ্র দাস মিনি ট্রাকে করে গাছ বোঝাই করে নিয়ে আসছিলেন। পথে উপজেলার বড়াদম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খোকন চন্দ্র দাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও প্রতিবেশীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত খোকন চন্দ্র দাসকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানতে পেরেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট