প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
ধানের শীষে ২৩২ আসনের প্রার্থী ঘোষণা বাদ ১২ হেভিওয়েট নেতা

নিউজ ডেস্ক, চট্টগ্রাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক তালিকায় দেখা যায়, অন্তত ১২ জন প্রভাবশালী নেতা এবার মনোনয়ন থেকে বাদ পড়েছেন।
ঘোষিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নাম নেই তালিকায়।
এছাড়া ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীও প্রাথমিক তালিকায় স্থান পাননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট