
নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এরপরই শেহরীন মোনামি তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব পালনের প্রতি তার কোনো ব্যক্তিগত আগ্রহ ছিল না। তবে ২০২৪ সালের আগস্ট মাসে তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করেছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের তত্ত্বাবধানে থেকে তিনি বিপদে ধৈর্য ধারণ ও শিক্ষার্থীদের আগলে রাখার কৌশল রপ্ত করেছেন। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী সময়গুলোকে তিনি তার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং ও ‘অভূতপূর্ব’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।