প্রিন্ট এর তারিখঃ May 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
ফ্যামিলি কার্ড পাবেন ১০ কোটি মানুষ, সচ্ছলরাও যুক্ত হচ্ছেন এই তালিকায়

নিউজ ডেস্ক
দেশের প্রায় ১০ কোটি মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক সুরক্ষা বলয়ের আওতায় আনার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী চার বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। এর মধ্যে আগামী ২০২৭ সালের জুনের মধ্যেই প্রায় ৪০ লাখ ২০ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় আনার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক বিশেষ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এই সংলাপটির যৌথ আয়োজন করে সিপিডি এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী একটি ব্যতিক্রমী তথ্য শেয়ার করে বলেন, কেবল সুবিধাবঞ্চিতরাই নন, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও এই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। তবে তাদের জন্য বরাদ্দকৃত ভাতার অর্থ ব্যয় করা হবে দরিদ্র মানুষের কল্যাণে। মূলত নারী, শিশু, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় এনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
এই কার্ডের প্রযুক্তিগত আধুনিকায়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডে এনআইডিভিত্তিক ডেটা, কিউআর কোড, বারকোড এবং এনএফসি প্রযুক্তি যুক্ত করা হবে। এর ফলে একজন নাগরিকের প্রয়োজনীয় সব ধরনের সামাজিক সেবা একটি মাত্র কার্ডের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে।
প্রকৃত নিম্ন আয়ের মানুষদের খুঁজে বের করতে মাঠ পর্যায়ে জোরেশোরে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের শিক্ষক, সরকারি কর্মচারী, স্বাস্থ্য ও কৃষি কর্মী এবং সমাজসেবা কর্মকর্তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অত্যন্ত নিখুঁতভাবে ডেটা যাচাই করার কারণে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে ভুলের হার মাত্র ২ থেকে ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এই সংলাপে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান, সিপিডি ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি এবং বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট