প্রিন্ট এর তারিখঃ Mar 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি চৌধুরী পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচির নেতৃত্ব দেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ শাইকুদ্দিন সাকলাইন।
এ সময় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। চিকিৎসা কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল-আজমীসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তাই নয়, পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের চিকিৎসা সেবা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিনের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট