প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে এক মাসে এনসিটির সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এনসিটির ইতিহাসে এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেকর্ড।
বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) দক্ষ ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আলোচ্য মাসে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
মে মাসের কনটেইনার হ্যান্ডলিংয়ের বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায়, মোট হ্যান্ডলিংকৃত ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনারের মধ্যে আমদানিকৃত কনটেইনার ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানিকৃত কনটেইনারের পরিমাণ ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি ছিল ২০২৫ সালের অক্টোবর মাসে। সে সময় ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। মে ২০২৬ এর নতুন এই অর্জনের মাধ্যমে সেই পুরনো রেকর্ডটি ভেঙে গেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সিডিডিএলের সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ এনসিটির সকল প্রবেশ ও বহির্গমন গেটে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এর ফলে কনটেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যবৃন্দসহ বন্দর ও সিডিডিএল-এর কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রশংসনীয় ও যুগান্তকারী ভূমিকা দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী অবদান রেখে চলেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট