প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
ভিক্ষা নয়, কর্মই শক্তি

জে.এম জাবেদ
ঝিমঝিম বৃষ্টি আর তীব্র সমুদ্র বাতাসে মোড়ানো এক সন্ধ্যা। পতেঙ্গা সি-বিচের এক কোণায় ছাতার নিচে বসে বৃষ্টির টুপটাপ শব্দ আর ঢেউয়ের গর্জন শুনছিলাম। মনটাও তেমন ভালো ছিল না। চটপটি খাওয়ার ইচ্ছে হলো, তাই অর্ডার করলাম। কিছুক্ষণ পর গরম গরম চটপটি চলে এলো।
ঠিক তখনই বৃষ্টির ভেতর দিয়ে একজন বোরখা পরা নারী আমার দিকে এগিয়ে এলেন। হাতে ফুলের মালা আর টপ। কাছে এসে সালাম দিলেন। আমি জবাব দিলাম।
তিনি বললেন,ভাইয়া, আমার স্বামী ক্যান্সারের রোগী। সংসারের খরচ সামলাতে পারছি না।
তার চোখে পানি জমে ছিল। তিনি বললেন,
আগে ভিক্ষা চাইতাম। মানুষের কথায় খুব কষ্ট পেতাম। একদিন এক দোকানদার বললো—ভিক্ষা না করে কিছু বিক্রি করো। কিন্তু হাতে টাকা ছিল না। পরে সেই মানুষটাই আমাকে কয়েকটা ফুল দিলো— বলে দিলো বিক্রি হলে দাম দিও। সেদিন থেকেই শুরু হলো আমার ফুল বিক্রি।
বৃষ্টির ভেতর দাঁড়িয়ে তিনি আবার বললেন,
ভাইয়া, একটা ফুল নেন? ভিক্ষা করি না— ফুল বিক্রি করে খাই।
আমি বললাম, ফুল লাগবে না, আপনি ১০০ টাকা রাখেন।তিনি সাথে সাথে মাথা নাড়লেন —
না ভাইয়া, এটা হয় না। আপনি একটা ফুল নেন, তারপর টাকা দেন।
শেষে আমি একটি ফুল নিলাম।কিন্তু সেই ফুলের দাম শুধু টাকা নয় - তার পরিশ্রম, তার সম্মান, তার বেঁচে থাকার লড়াই।
সমুদ্রের ঢেউ আর বৃষ্টি চলছিল। কিন্তু সেই নারী দাঁড়িয়ে ছিলেন দৃঢ়ভাবে। যেন বলছিল—
জীবন যত কঠিনই হোক, ভিক্ষা নয়— কর্মই মানুষের শক্তি।
তার বিক্রি করা প্রতিটি ফুল হয়তো কারও হাতে সাজে না।কিন্তু প্রতিটি ফুলে বাঁচে একটি পরিবার… বাঁচে একটি স্বপ্ন…
হয়তো বাঁচে একজন মানুষের জীবনও।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট