প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
যুবদলের সভাপতি তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার খুশিতে মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে পুনর্বিবেচনা শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুণরায় স্বীয় পদ ফিরে পেলেন।
রোববার (২৩ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে প্রেরিত এই বার্তায় আরও উল্লেখ করেন যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বেনজির আহমেদ তাবরিজ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে শহরের মহাখালী পাঠশালার মোড়ে অবস্থিত মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছলে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন— জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
সভায় মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের ওপর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়নসহ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীদের ধন্যবাদ জানানো হয়।
এছাড়া আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর নিকট আহ্বান করা হয়। এ উপলক্ষে সোমবার বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এরপর মিষ্টি বিতরণ করা হয় ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট