কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, উৎপাদনের কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় ব্যবহৃত ও নষ্ট তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে ওই কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুদের দায়ে মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
জব্দকৃত ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট