সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মোহাম্মদ আব্দুল মোমেন (৩৮)। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় মাটি কাটার সময় তাঁকে আটক করা হয়।
মোহাম্মদ আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়াপাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে কেঁওচিয়ার তেমুহানী বেড়িবাঁধ এলাকায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, এমন খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের দুটি দল তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকায় মাটি কাটার সঙ্গে জড়িত আব্দুল মোমেনকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। এরপর ওই এলাকায় সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক মোহাম্মদ আব্দুল মোমেনকে ৫ লাখ টাকা জরিমানা করেন।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ফসলি জমির মাটি কাটার দায়ে মোহাম্মদ আব্দুল মোমেন নামের এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করে আব্দুল মোমেনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যান। সেখানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর বিকল করে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট