বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় গভীর রাতে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এক সাংবাদিকের মালিকানাধীন পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) গভীর রাতে বাঁশখালী পৌরসভা ভবনের দক্ষিণ পাশে এবং জলদী মাখজানুল উলুম বাইঙ্গাপাড়া বড় মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত একটি জমিতে টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালানো হয়। অভিযোগের তীর বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহপাড়া এলাকার মৃত ফয়জুল্লার ছেলে শহিদুল্লাহর বিরুদ্ধে।
ভুক্তভোগী পক্ষের দাবি, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিদার মরহুম শেখ ওয়াজেদ আলীর মালিকানাধীন ১০ শতক জমি ১৯৫১ সালে দলিলমূলে জলদী মাখজানুল উলুম বাইঙ্গাপাড়া বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মরহুম মাওলানা মোহাম্মদ আলী (রহ.)-এর কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে জমিটি তার উত্তরাধিকারীদের দখলে রয়েছে। জমির একাংশে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নির্দেশনা ও পৌরসভার অনুমোদন নিয়ে দোকান নির্মাণ করা হয়েছে বলেও দাবি করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক ও বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মু. মিজান বিন তাহের বলেন, “আমার দাদা ১৯৫১ সালে বৈধভাবে জমিটি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে আমরা জমিটি ভোগদখল করে আসছি এবং সেখানে নির্মিত দোকান থেকে ভাড়া পাচ্ছি। অথচ শনিবার গভীর রাতে কিছু লোকজন নিয়ে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হয়েছে। জমি সংক্রান্ত মামলার রায় এবং ভবন নির্মাণের জন্য পৌরসভার অনুমোদনও আমার নামে রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “জমি দখলের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।”
বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “গভীর রাতে জমি দখলের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
দৈনিক চট্টগ্রামপোস্ট