প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেছেন, “স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এই তিনটি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত কাজ করা হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক (টু আই সি) মেজর আকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের বিদ্যমান সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা জনসেবা নিশ্চিতে সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা, সেবার মানোন্নয়ন এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসময় ৩১নং বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদিব রায় পোমাং ভূমি সংক্রান্ত জটিলতা তুলে ধরে বলেন, “উপজেলা ভূমি অফিসের অধিকাংশ রেকর্ড নষ্ট ও ছিন্ন হওয়ায় শত শত মানুষ ভূমি-সংক্রান্ত অনিশ্চয়তায় ভুগছেন। এসব নথি দ্রুত সংরক্ষণ ও পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিন বলেন, “উপজেলার সরকারি দপ্তরগুলোতে সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন করেন না, ফলে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”
উপজেলা রিসোর্স কোঅর্ডিনেটর মাইন উদ্দিন বলেন, “দীঘিনালায় স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটনে উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রকল্প গ্রহণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই খাতগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব।”
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, “বন্দোবস্তি সূত্রে পাওয়া ভূমির খাজনা অনেক হেডম্যান নিয়মিত নেন না। সরকার নির্ধারিত ভূমি-কর আহরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, দীঘিনালা জোনের প্রতিনিধি মিটু চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, বাজার চৌধুরী জেসমিন চাকমা, ব্যবসায়ী নেতা আনন্দ মোহন চাকমা, সাংবাদিক মোঃ আক্তার হোসেনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলার সার্বিক উন্নয়নে উন্নয়ন সহযোগী সংস্থা, রাজনৈতিক নেতা, ধর্মীয় প্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের সাথে ধারাবাহিক মতবিনিময় করে জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যেই কাজ করছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটনের উন্নয়নে যে অভিযোগ ও পরামর্শ এসেছে, তা সমন্বিতভাবে পর্যালোচনা করে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে।”
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, প্রধান শিক্ষক, হেডম্যান-কার্বারী, সাংবাদিক, সুশীল সমাজ ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট