খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সন্ধ্যায় দীঘিনালা থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে আটক হওয়া উপজেলার বোয়ালখালী বাজার এলাকার মো. সাইফুল ইসলাম (২৮), পিতা- মো. আব্দুল করিম, কবাখালী এলাকার মো. রুবেল হোসেন (৩০), পিতা- মো. নুরুল ইসলামকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোয়ালখালী বাজার এলাকার মো. জাহিদুল ইসলাম (২৬), পিতা- মো. আলমগীর হোসেন, এবং মেরুং ইউনিয়নের মোছা. সুমি আক্তার (২৪), পিতা- মো. আবুল কাশেমকে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৯৪ ধারায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোয়ালখালী বাজার এলাকায় জনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে হাতেনাতে আটক করা হলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীঘিনালা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অসামাজিক কার্যকলাপ ও জনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট