মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুততম সময়ের মধ্যে ছয় লাইনে উন্নীত করার দাবিতে অবরোধ (ব্লকেড) কর্মসূচি চলছে। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ নামের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।
মহাসড়ক অবরোধের কারণে সড়কে শত শত যানবাহন আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকেরা।
অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলডিপি, ব্যবসায়ী ও স্থানীয় সামাজিক সংগঠনের কর্মীসহ আশপাশের এলাকার বাসিন্দারা।
অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ভয়াবহ যানজট, দুর্ঘটনা বৃদ্ধি ও অবকাঠামোগত সংকটের চিত্র তুলে ধরে দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই মহাসড়ক দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ তিন জেলার কোটি মানুষের জীবনরেখা। কিন্তু বছরের পর বছর ধরে এটি মৃত্যু–ফাঁদে পরিণত হয়েছে। হাজারো প্রাণহানি, অসংখ্য পরিবার নিঃস্ব—তারপরও উন্নয়ন কার্যক্রমের গতি নেই। এবার দক্ষিণ চট্টলার মানুষ ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছি।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লাইনের দাবিতে স্থানীয় লোকজন অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে সড়কের দিকে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি, অবরোধকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল যাতে স্বাভাবিক করতে পারি।

দৈনিক চট্টগ্রামপোস্ট