নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফর এবং আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৮ দলীয় জোটের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
সোমবার (১ ডিসেম্বর) পাঁচলাইশ থানা জামায়াত আয়োজিত মিছিল-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, মহাসমাবেশকে সফল করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে এবং গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ড. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে এলাকাজুড়ে যে উদ্দীপনা তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচক ভূমিকার মাধ্যমে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। হেলালী মনে করিয়ে দেন যে রাজনৈতিক কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব।
মিছিল শেষ হওয়ার পর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি। সমাবেশ পরিচালনা করেন থানা সেক্রেটারি মাওলানা মুফিজুল হক। এতে বক্তৃতা করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, ৪২ নম্বর ওয়ার্ড জামায়াতের পরিচালক ইমরান সিকদার, সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, আলমগীর আলম, নুরুন্নবী সোহাগ ও হাফেজ তৌহিদুল ইসলাম।
বক্তারা আসন্ন মহাসমাবেশকে দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে অংশগ্রহণ বৃদ্ধির জন্য নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন তারা। সমাবেশে এলাকার বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা কর্মসূচিকে সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট