ডেস্ক নিউজ
বন্যাকবলিত শ্রীলঙ্কায় পাকিস্তানের পাঠানো মেয়াদোত্তীর্ণ খাদ্য ও চিকিৎসা সামগ্রীর ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এতে ইসলামাবাদে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে।
পাকিস্তান হাইকমিশনের এক্স হ্যান্ডলে ত্রাণের ছবি পোস্ট করে কলম্বোর পাশে থাকার বার্তা দেওয়া হলেও পরে দেখা যায়—প্যাকেটগুলোর মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের অক্টোবরেই। শ্রীলঙ্কার ত্রাণ কর্মকর্তারা চালানটি ‘সম্পূর্ণ অকার্যকর’ হিসেবে চিহ্নিত করে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানান।
ছবিগুলো ছড়িয়ে পড়তেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে এক্স–এ সমালোচনার ঝড় ওঠে। কেউ লেখেন, “মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে শ্রীলঙ্কার মানুষকে অসম্মান করা হয়েছে।” অনেকেই প্রশ্ন তুলেছেন, যাচাই না করেই এমন ছবি প্রকাশ্যে পোস্ট করা হলো কীভাবে।
পাকিস্তান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছে—এ ঘটনাই প্রথম নয়; অতীতেও দেশটি পুরোনো বা মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠানোর অভিযোগের মুখে পড়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট