মোঃ একরামুল হক
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভষ্মিভুত হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজুমিয়াহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সর্বস্ব পুড়ে যাওয়ায় সব হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়ে পরিবারটি।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সদস্যদের ধর্য্য ধরার জন্য সান্তনা দেন।
এসময় তিনি বলেন,“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে—সেজন্য ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় তিনি পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং আরো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, উপজেলা দক্ষিণ অঞ্চল জামায়াতের টীম সদস্য মুছা চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরীসহ এলাকার সমাজকর্মী এবং প্রতিবেশীরা।
স্থানীয়রা জানান, রাতের গভীরে হঠাৎ আগুন দেখে এলাকাবাসী দৌড়ে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই আগুনে পুরো ঘর পুড়ে যায়। এতে পরিবারের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র, পোশাক, নগদ টাকা ও সংরক্ষিত খাদ্যদ্রব্যসহ প্রায় সবকিছুই পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারটি বলেন, “আমরা সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে গেছি। এমন সময়ে নেতৃবৃন্দ আমাদের খোঁজ নিতে এসে যে সহানুভূতি ও সহযোগিতা করেছেন তা আমাদের নতুন করে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।”
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনও ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।###

দৈনিক চট্টগ্রামপোস্ট