ঢাকা | বঙ্গাব্দ

বিশেষ সার্ভিল্যান্স অভিযানে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে সতর্কবার্তা, মিলল ওজন ও মোড়কজাতে অনিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বিশেষ সার্ভিল্যান্স অভিযানে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে সতর্কবার্তা, মিলল ওজন ও মোড়কজাতে অনিয়ম ছবির ক্যাপশন: বিশেষ সার্ভিল্যান্স অভিযানে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে সতর্কবার্তা, মিলল ওজন ও মোড়কজাতে অনিয়ম
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
 ভোক্তা পর্যায়ে ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত এবং খাদ্যপণ্যের মান যাচাইয়ের লক্ষ্যে রাজধানী ঢাকায় বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট (ডিএমআই)।

রোববার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ, ওজনের সঠিকতা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ যাচাই করা হয়। অভিযানে একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। তবে কোনো প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক জরিমানা না করে সতর্ক করা হয় এবং দ্রুত প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নদ্দার কেক স্টোরিস-এ পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ও ‘বি’ মার্ক ছাড়া বিভিন্ন বেকারি পণ্য বিক্রি করতে দেখা যায়। প্রয়োজনীয় সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে দ্রুত নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

গুলশানের ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার-এ উৎপাদিত দধিতে ঘোষিত পরিমাণের তুলনায় কম ওজন পাওয়া যায়। এছাড়া মোড়কজাত ঘির ক্ষেত্রে অনুমোদিত মোড়কের পরিবর্তে ভিন্ন মোড়ক ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

একই এলাকায় ইয়ারা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর উৎপাদিত দধির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ নবায়ন না থাকায় দ্রুত নবায়নের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ননী নামের একটি প্রতিষ্ঠানে বিস্কুটের মোড়কজাত নিবন্ধন সনদ প্রদর্শন করতে না পারায় সতর্ক করা হয়। একই সঙ্গে ভেরিফিকেশন সনদ নবায়ন ছাড়া ওজনযন্ত্র ব্যবহারের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন পরিদর্শনে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানায় বিএসটিআই।

অভিযানটি পরিচালনা করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. মুকুল মৃধার নেতৃত্বে গঠিত একটি দল। দলে ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম এবং তৌহিদুল ইসলাম।

বিএসটিআই জানায়, জনস্বার্থে ভোক্তা অধিকার ও সঠিক ওজন-পরিমাপ নিশ্চিত করতে বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেটের এ ধরনের বিশেষ সার্ভিল্যান্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন