মোঃ একরামুল হক
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
হাটহাজারী উপজেলা প্রশাসন আজ করাতকল বিধিমালা ২০১২ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে দুই স’মিলে অনিয়ম ধরা পড়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে। প্রশাসনের এ উদ্যোগে এলাকায় স’মিল পরিচালনার নিয়ম-নীতির প্রতি সচেতনতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আলীপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে নাজিম স’মিল ও খাজা আজমির স’মিল—এই দুই করাতকলে কাঠের সঠিক রেজিস্টার/হিসাব না রাখা, অনুমোদিত নথি সংরক্ষণে গাফিলতি এবং অন্যান্য বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এতে দুটি মামলায় মোট ১৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট স’মিল কর্তৃপক্ষকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা, কাঠ ক্রয়-বিক্রয়ের সকল তথ্য নথিভুক্ত রাখা এবং বনজ কাঠ পরিবহন ও সংরক্ষণে সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বনজ কাঠ রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং কাঠের অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।###

দৈনিক চট্টগ্রামপোস্ট