মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিরসরাইয়ে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ব্রাজিল সমর্থক দল। শনিবার (৪ জুলাই) বিকেলে মিরসরাই উপজেলার ধুম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহাজনহাট কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে নির্ধারিত সময়ে একমাত্র গোলটি করে এগিয়ে যায় ব্রাজিল সমর্থক দল। পরে আর্জেন্টিনা সমর্থকরা সমতায় ফেরার চেষ্টা চালালেও ব্রাজিলের জালে বল জড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল সমর্থক দল।
ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলী হায়দার টিপুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ খেলা দেখতে মাঠে ভিড় জমান।
এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, 'খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিও বৃদ্ধি করে।'
ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাজিল সমর্থক দলের নেতা মেজবাউল হক মানিক বলেন, 'যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে। মাঠমুখী তরুণরাই একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট