ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে অবৈধ সাবান কারখানায় র‍্যাব–বিএসটিআইয়ের যৌথ অভিযান সিলগালা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
কর্ণফুলীতে অবৈধ সাবান কারখানায় র‍্যাব–বিএসটিআইয়ের যৌথ অভিযান সিলগালা ছবির ক্যাপশন: সাবান কারখানায় র‍্যাব–বিএসটিআইয়ের যৌথ অভিযান
ad728
মো. জাবেদুল ইসলাম, কর্ণফুলী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন ও মানহীন সাবান উৎপাদনের অভিযোগে একটি অবৈধ সাবান কারখানায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব–৭ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ির পাশের একটি অটো রিকশা গ্যারেজে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানা থেকে দুইজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই কারখানায় অবৈধভাবে সাবান উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। ‘সলিড কর্পোরেশন’ নামের একটি ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন কিংবা কোনো মান নিয়ন্ত্রণ সনদ ছিল না।

আরও জানা গেছে, রাতের আঁধারে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের আদলে প্রস্তুত করা হতো সলিড, লিফোর্ড ও ডেটল সাবানের মতো বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল সাবান। এসব নিম্নমানের সাবান স্থানীয় বাজারে কম দামে বিক্রি করা হলেও তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযানের সময় অবৈধ সাবান তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল ও বিপুল পরিমাণ প্রস্তুত সাবান জব্দ করা হয়। পরবর্তীতে ভোক্তা স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

র‍্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। দীর্ঘদিন ধরে এই কারখানায় নকল সাবান উৎপাদন করা হচ্ছিল। আমরা দুজনকে আটক করেছি। তারা জানিয়েছে, রাতের বেলায় লোকজন এসে সাবান তৈরি করত। বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করা হচ্ছিল এবং ব্যবহৃত কেমিক্যাল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরও জানান, কারখানাটি সিলগালা করা হয়েছে এবং এ ঘটনায় কর্ণফুলী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার