নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীসহ বিস্তীর্ণ জনপদ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের সংকটে চরম দুর্ভোগে রয়েছেন দুর্গত মানুষ।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি বলেন, "সিলেট, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিলে চট্টগ্রামের হাজারো তরুণ-যুবক মানবিক দায়িত্ববোধ থেকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ছুটে গিয়েছিল। কিন্তু আজ দক্ষিণ চট্টগ্রাম ভয়াবহ বন্যার কবলে পড়লেও সেই পরিসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহায়তার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক।"
তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের বহু মানুষ এখনো পর্যাপ্ত ত্রাণ ও জরুরি সহায়তা পাননি। দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান জোরদার, পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
মোস্তানছিরুল হক চৌধুরী দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দক্ষিণ চট্টগ্রামের মানুষ আজ কঠিন সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। আসুন, দল-মতের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবিক সহযোগিতাই পারে তাদের এই দুর্দিনে নতুন আশার আলো দেখাতে।"
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগে দ্রুত দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট