মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধি:
তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান। এছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে তারুণ্যের শক্তি ও মেধাকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের আরও আন্তরিকতার সাথে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মী ও পরিদর্শকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক চট্টগ্রামপোস্ট