নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে ছাত্রসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, জুলাই বিপ্লব মূলত ছাত্রদের নেতৃত্বেই সংঘটিত হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের গণতান্ত্রিক ধারা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেও ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
২ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মহানগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ছাত্রপ্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ হেলালী আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য কিছু পেশীবাদী ও স্বার্থান্বেষী মহল সক্রিয় থাকে। এদের অপতৎপরতা সম্পর্কে ছাত্রদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, নৈতিকতা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন শুধু ভোটের দিনেই সীমাবদ্ধ নয়; এর জন্য প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ, সচেতন নাগরিক এবং দায়িত্বশীল নেতৃত্ব। ছাত্রসমাজ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
ইসলামী ছাত্রশিবির ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সভাপতি হামেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম ও বিআরইএল-এর সভাপতি সেলিম পাটোয়ারী। তারা বলেন, ছাত্রসমাজ সব সময়ই দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীতেও গণতন্ত্র রক্ষায় তাদের দায়িত্ব পালন করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওমর ফারুখ, সৈয়দ মহিববুল্লাহসহ বিভিন্ন ছাত্রনেতৃবৃন্দ। বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সচেতনতা বৃদ্ধি, সংগঠিত উদ্যোগ এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। সভা শেষে ছাত্রদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট