মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস হস্তান্তরের (ক্রস ফিলিং) একটি কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার গভীর রাতে চন্দনাইশ উপজেলার বদুরপাড়া রাস্ত মাথা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২০টি ভরা এবং প্রায় ৫০টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডারসহ রিফিলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নিরাপত্তা ঝুঁকি এড়াতে সোমবার সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দ করা ২০টি ভরা সিলিন্ডার বিক্রি করা হয়। এছাড়া খালি সিলিন্ডারগুলো আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
জনবহুল এলাকায় এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট