নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
হলফনামায় খেলাপি ঋণের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন। বুধবার এ আবেদন জমা দেওয়া হয়। অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট ইসমাইল গণি ঢাকা পোস্টকে বলেন, প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করা হয়েছে। বিএনপি প্রার্থীর খেলাপি ঋণের পরিমাণ খোঁজ নেওয়া হচ্ছে। এগুলো আপিল শুনানিতে উল্লেখ করা হবে।
জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের মালিকানাধীন প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেক্সটাইল স্ট্যান্ডার্ড ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে প্রায় ২০০ কোটি কোটি টাকা ঋণ নেয়। তবে খেলাপিঋণের বিপরীতে তিনি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়েছেন।
এ বিষয়ে বিএনপি নেতা সরওয়ার আলমগীর ঢাকা পোস্টকে বলেন, আমি ব্যবসায়ী। ঋণ নিয়েছি। তবে আমার কোনো খেলাপি ঋণ নেই। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ঋণের রিশিডিউল করেছি। তারা একবার বলে ২০০ কোটি খেলাপি ঋণ এবং আরেকবার বলে ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে। মূলত আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এই অপপ্রচার করছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট