আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী প্রচারণায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মো. এমরান চৌধুরী। তিনি এনডিএম-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে আনোয়ারা উপজেলা প্রবেশদ্বার চাতরী চৌমুহনী বাজারে গণসংযোগের মধ্য দিয়ে তাঁর প্রচারণা শুরু হয়। এরপর টানেল রোড মোড়, দুপুর ১টা থেকে কেইপিজেড সেন্টার এলাকা, দুপুর ২টা থেকে ১৫ নম্বর ঘাট এলাকা, সিইউএফএল এলাকা, বারশত কালীবাড়ি এলাকা এবং আনোয়ারা সদরহাট এলাকায় সিংহ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি।
গণসংযোগকালে এনডিএম প্রার্থী মো. এমরান চৌধুরী বলেন,“২৪ জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক অগ্রগতি। এই অধিকার যেন ভবিষ্যতে আর কখনো বাধাগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন,“নির্বাচনী প্রচারণাকালে যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি এবং ভোটারদের আশাবাদী কথাগুলো শুনছি, তাতে আমি অত্যন্ত অনুপ্রাণিত। ইনশাআল্লাহ, ১২ তারিখে আনোয়ারা–কর্ণফুলীর মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন—এই আশা রাখি। নির্বাচিত হলে আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব।”
এ সময় তিনি বলেন,“আনোয়ারা–কর্ণফুলীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রাখব।” পাশাপাশি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

দৈনিক চট্টগ্রামপোস্ট