ঢাকা | বঙ্গাব্দ

কলেজে যাওয়ার কথা বলে আত্মগোপনে যুবক অপহরণের নাটক দীঘিনালা জোনের অভিযানে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
কলেজে যাওয়ার কথা বলে আত্মগোপনে যুবক অপহরণের নাটক দীঘিনালা জোনের অভিযানে উদ্ধার ছবির ক্যাপশন: দীঘিনালা জোনের অভিযানে উদ্ধার
ad728
প্রবীর সুমন //দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে এক যুবক আত্মগোপনে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দীঘিনালা জোনের তৎপরতায় দ্রুত অভিযান চালিয়ে ওই যুবককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা দীঘিনালা জোনের সহায়তা গ্রহণ করেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় দীঘিনালা জোনের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে মো. মুরাদ হোসেনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে জোনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

উদ্ধারকৃত মুরাদ হোসেন (১৯) রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন বাঘাইহাট এলাকার মোঃ মিলন মিয়ার ছেলে। সে দীঘিনালা উপজেলা কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিষয়টিকে দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে গুজবে কান না দিয়ে এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইনগত পথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ