খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে যুব ম্যারাথন–২৪।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ০০ ঘটিকায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি দীঘিনালা উপজেলায় পাহাড়ি–বাঙালির শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির প্রতীক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, এত বড় পরিসরে সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দীঘিনালায় এই প্রথম।
ম্যারাথনে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন।
এছাড়াও দীঘিনালা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের প্রায় ৩০০ জন মানুষ আনন্দঘন পরিবেশে ম্যারাথনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, “সুস্থ দেহে সুন্দর মন। সুস্থতার জন্য দৌড়াতে হবে। নিয়মিত শরীরচর্চা করলে শরীর সুস্থ থাকে এবং মানসিকতাও ইতিবাচক হয়।”তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মাদককে না বলি এবং সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে দীঘিনালা উপজেলায় এ ধরনের যেকোনো সামাজিক ও ক্রীড়া আয়োজনের পাশে দীঘিনালা জোন সবসময় থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দৈনিক চট্টগ্রামপোস্ট