নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে একজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের বিষয় নিয়ে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল এশার নামাজ পড়তে যাওয়ার পথে অন্ধকার একটি স্থানে আব্দুল মান্নানের ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়। পরে তাকে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. মুন্না ও স্বজনেরা এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট