নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কক্সবাজার সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পাশাপাশি একজন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর সুপরিকল্পিত ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকায় কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের অধীন ৯ ই বেংগল-এর একটি দল অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির পাশ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তী তদন্তে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে মারুফ হাসান তাহসিন ও অজুফা বেগম পরিকল্পিতভাবে এসব অস্ত্র ঘটনাস্থলে রেখে সাংবাদিক ফরহাদকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করে। সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে মারুফ হাসান তাহসিন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য অভিযুক্ত অজুফা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতভিটা দখলের উদ্দেশে সাংবাদিক ফরহাদকে হয়রানি করা হচ্ছিল। সেনাবাহিনীর তৎপরতায় ওই ষড়যন্ত্র ভেস্তে যায়। এ ঘটনায় এলাকাবাসী সেনাবাহিনীর পেশাদার ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট