প্রবীর সুমন // খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৬ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জোনের জোন কমান্ডারবৃন্দ, দীঘিনালা জোনের সেনা কর্মকর্তা ও সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা, দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক তাঁর বক্তব্যে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর গৌরবময় ইতিহাস, সাফল্য ও দায়িত্বশীল ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ৬৩ বছরের পথচলায় ‘দি বেবী টাইগার্স’ পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট