আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় এক কৃষকের দুটি মহিষকে গলায় ফাঁস ও ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। অজ্ঞাত দুর্বৃত্তদের এমন বর্বরতায় হতবাক এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শঙ্খ নদীর তীরবর্তী ভরারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিষের মালিক কৃষক শফিউল আজমের ছেলে নাজিম উদ্দীন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভরারচর শঙ্খ নদীর তীরে ‘শঙ্খ নদীর প্রজেক্ট’ এলাকায় কৃষক শফিউল আজমের মোট নয়টি মহিষ ছিল। ৩ অক্টোবর রাতে মহিষগুলোর দেখাশোনা করে তিনি বাড়িতে চলে যান। পরদিন ৪ অক্টোবর সকাল ৮টার দিকে গিয়ে দুটি মহিষ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুটি মহিষকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এর মধ্যে একটি মহিষের গলায় ফাঁস দেওয়া ছিল। অপর মহিষটির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। নিহত দুই মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কৃষক শফিউল আজম বলেন, পূর্বশত্রুতার জেরে কেউ এমন জঘন্য ও বর্বর ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। আমরা কাউকে দেখতে পাইনি। তাই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ভুক্তভোগী কৃষকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট