নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
রাঙ্গামাটির লংগদুতে অনুমতি ছাড়া পাহাড় কাটার দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগে মিজানুর রহমানকে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মৃত তৈয়ব আলী মুন্সির ছেলে।
অভিযান শেষে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, অনুমতি ছাড়া পাহাড় বা টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে পাহাড় কাটার মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট