ঢাকা | বঙ্গাব্দ

‘কিশোর গ্যাং’ সম্রাট গ্রুপের প্রধান মো. সম্রাট পুলিশের জালে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
‘কিশোর গ্যাং’ সম্রাট গ্রুপের প্রধান মো. সম্রাট পুলিশের জালে ছবির ক্যাপশন: মো. সম্রাট পুলিশের জালে
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি এবং স্থানীয় ‘কিশোর গ্যাং’ সম্রাট গ্রুপের প্রধান হিসেবে পরিচিত মো. সম্রাট (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. কামাল (৪৭) ও রুবি আক্তার (৩৫)-কে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সম্রাট উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার বাসিন্দা ইলিয়াস মির্জা কালুর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্রাট দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ আনোয়ারা থানাধীন সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় একটি পাঁচতলা ভবনে চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে মো. মহিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মহিমের মৃত্যুর পর তার সঙ্গে সম্পৃক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ওই ঘটনার জেরে কয়েকটি ভবনে ভাঙচুর এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে শোলকাটা এলাকার বাসিন্দা শাকিল (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এ ঘটনার পেছনেও একই গ্যাংয়ের সদস্যরা জড়িত থাকতে পারে।

পুলিশ জানায়, সাম্প্রতিক এসব ঘটনার তদন্ত করতে গিয়ে সম্রাটের সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, সম্রাটের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “গত দুইদিন ধরে অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন