নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশের ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, ওই কিশোরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি জব্দ করে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, নির্জন সড়কের পাশের ফসলি মাঠের কয়েকটি ধানক্ষেতে গাছ এলোমেলো হয়ে রয়েছে। স্থানীয়দের ধারণা, হত্যাকারীদের হাত থেকে বাঁচতে ওই কিশোরী একাধিক ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তি করেছিল। অটোরিকশাটির কাছ থেকে কিছুটা দূরে একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, সকালে ধানক্ষেতে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান। গাড়ি থেকে ২০-৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পান। পরে আশপাশের ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন অনুসরণ করে সামনে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহের মাথা কাদায় ডোবানো ছিল এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
আরেক স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ধানক্ষেতের অবস্থা দেখে বোঝা যায়, ওই কিশোরীকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, গত ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর ওই কিশোরী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিল। ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লায় আসার পর সে কক্সবাজারে যায়। বুধবার দুপুরের পর কক্সবাজার থেকে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে ১০টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অটোরিকশাটির ভেতরে পোশাক ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। তবে সেগুলো ওই কিশোরীর কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, বৃহস্পতিবার রাতে স্বজনরা মরদেহ কুমিল্লা থেকে যশোরে নিয়ে যান। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় নিহত কিশোরীর বাবা লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট