নিউজ ডেস্ক | চট্টগ্রাম
স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেডে শুরু হয়েছে মাসব্যাপী বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন সেবা। অক্টোবর—বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস—উপলক্ষে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাসজুড়ে নির্ধারিত সময়ে রোগীরা এই সুবিধা পাবেন।
বিশ্বব্যাপী অক্টোবর মাস জুড়ে পালিত হয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি আরোগ্য লাভের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। এ সময় হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম দিন (বৃহস্পতিবার) সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব। তিনি স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ চেনা, সচেতনতা বাড়ানো এবং লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে নারীদের মধ্যে ভয় ও দ্বিধা দূর হয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের আগ্রহ তৈরি হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট