নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
পুলিশের চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ১২৯ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে।
তাদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১১ জেলায় ৬৫৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৯২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ৮৬ জন, পূর্ববর্তী মামলায় ৬৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানামূলে ১৩৩ জন ও সাজা পরোয়ানামূলে ২২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে এক হাজার ৪৬৭টি ইয়াবা, ১৫৩ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৯১ লিটার চোলাই মদ, চার বোতল স্কাফ সিরাপ ও ২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা আদায় করা হয় ৩৮ হাজার ২০০ টাকা। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের তিনজন, কুমিল্লার চারজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন ও নোয়াখালীর দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ৩৫১ জনকে আটক করা হয়। এছাড়া চট্টগ্রামে ১০১, লক্ষ্মীপুরে ৫৪, চাঁদপুরে ৩৭, নোয়াখালীতে ৩০, ফেনীতে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৫, রাঙ্গামাটিতে ১৫, কক্সবাজারে ১২, খাগড়াছড়িতে আট ও বান্দরবানে পাঁচজনকে আটক করা হয়।
জনস্বার্থে পরিচালিত এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চট্টগ্রামপোস্ট