ঢাকা | বঙ্গাব্দ

ফ্রি ফায়ারে আসক্ত হয়ে এমবির টাকার জন্য মাকে মারধর কিশোর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
ফ্রি ফায়ারে আসক্ত হয়ে এমবির টাকার জন্য মাকে মারধর কিশোর ছবির ক্যাপশন: এমবির টাকার জন্য মাকে মারধর কিশোর
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’-এ আসক্ত হয়ে ইন্টারনেটের টাকা না পেয়ে মাকে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া কিশোর মো. জাবেদুল ইসলাম জাবেদ (১৭) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
অভিযুক্ত জাবেদ ওই এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে তার নিরাপত্তাপ্রহরী বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারটি আর্থিক সংকটে রয়েছে।

ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে হাতে বটকি নিয়ে মায়ের কাছে টাকা দাবি করছে জাবেদ। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করতে করতে সে মায়ের ওপর হামলা চালায়। নিরুপায় মা কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে থামতে অনুরোধ জানিয়ে বলেন, “টাকা দেব, তোর মাথা ছুঁয়ে বলছি।” কিন্তু তাতেও থামেনি তার সহিংস আচরণ।

ভিডিওতে আরও দেখা যায়, মারধরের সময় আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাটি অভিযুক্তের বোন মোবাইল ফোনে ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি অনলাইন গেমে আসক্তিকে তরুণ সমাজের জন্য উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. এনাম জানান, জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে তিনি সহিংস আচরণ করতেন বলেও অভিযোগ রয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত জাবেদকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে