নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় কাঁচামাল অ্যামোনিয়ার তীব্র সংকটে ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানায় থাকা অ্যামোনিয়ার মজুত শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতদিন সংরক্ষিত মজুত দিয়ে কোনোমতে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা হয়েছিল। তবে নতুন করে সরবরাহ না আসায় মজুত শূন্য হয়ে পড়েছে, যার ফলে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই আনোয়ারার ডিএপি কারখানাটি তাদের প্রয়োজনীয় অ্যামোনিয়ার জন্য এই দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ফলে ওই দুই কারখানায় উৎপাদন বন্ধ হওয়ার পর থেকেই ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে সরবরাহ বন্ধ থাকলেও মজুত দিয়ে কাজ চালানো হচ্ছিল। এখন সেই মজুতও শেষ। সরবরাহ পুনরায় শুরু না হওয়া পর্যন্ত উৎপাদন চালু করা সম্ভব নয়। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে দেশের কৃষি খাতে সার সরবরাহ ব্যাহত হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে উৎপাদনে।
উল্লেখ্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৬ সালে উৎপাদনে যাওয়া এই কারখানার দুটি ইউনিটে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা থাকলেও বর্তমানে তা ৬০০ থেকে ৭০০ মেট্রিক টনের মধ্যে সীমাবদ্ধ ছিল।

দৈনিক চট্টগ্রামপোস্ট