নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ব্যাংক সহায়তার অভাবে অনেক শিল্প-কারখানা বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, টানা আট মাস ধরে নেতিবাচক রপ্তানি আয় নিয়ে সময় পার করছে দেশের তৈরি পোশাক শিল্প। মার্কিন শুল্ক যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক ব্যয় সংকোচন নীতির প্রভাবে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে।
বিকেএমইএ সভাপতি আরও বলেন, 'সংকটের কারণে বায়াররা শঙ্কিত, যে এই অবস্থায় বাংলাদেশে অর্ডার প্লেস করলে টাইমলি শিপমেন্ট হবে কি-না। এই কারণে বায়াররা আবার অর্ডার প্লেসিংটাও স্লো করে দিয়েছে। যেখানে যে পরিমাণ হওয়ার কথা সেখানে অর্ধেকে নেমে আসছে।'
সংকট কাটিয়ে উঠতে করণীয় প্রসঙ্গে মোহাম্মদ হাতেম বলেন, 'চলমান সংকট মোকাবিলায় দরকার সরকারি সহায়তা। একইসঙ্গে প্রয়োজন জ্বালানি নিরাপত্তাও।'
এদিকে, দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইল খাতের আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিকেএমইএ সভাপতি।

দৈনিক চট্টগ্রামপোস্ট