নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশে প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত । চলতি এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ এপ্রিল একদিনেই দেশে এসেছে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। আর ১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৭১৮ বিলিয়ন ডলার— যা গত বছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৭১ বিলিয়ন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।
অপরদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯২৬ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। সে হিসেবে অর্থবছরের এ পর্যন্ত মোট প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ২ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রণোদনা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট