ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে রেলওয়ের নিয়োগে জালিয়াতি, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
চট্টগ্রামে রেলওয়ের নিয়োগে জালিয়াতি, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড ছবির ক্যাপশন: চট্টগ্রামে রেলওয়ের নিয়োগে জালিয়াতি, সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সরোয়ার হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। এ মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে পৃথক ধারায় দুই বছর ও সাবেক পূর্বাঞ্চল এসডব্লিউও গোলাম কিবরীয়াকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেন নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

 

রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

 

অভিযোগ অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। পরে মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করা হয়।

 

দুদকের অনুসন্ধানে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট প্রাপ্ত নম্বরের হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।

 

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য