নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশের গ্যাস সরবরাহে আমদানিনির্ভরতা বাড়ার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের মাতারবাড়ীতে স্থলভিত্তিক স্থায়ী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় দুই বিলিয়ন ডলার বা ২৪ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাথমিক পরিকল্পনা নিয়ে সরকারি–বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই টার্মিনালের সক্ষমতা হবে দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ। টার্মিনালটি নির্মিত হলে দেশের আমদানিকৃত এলএনজি সরবরাহের সক্ষমতা দাঁড়াবে দুই হাজার মিলিয়ন ঘনফুটে।
পেট্রোবাংলার দায়িত্বশীর একটি সূত্র জানিয়েছে, দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান দিন দিন বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ক্রমে কমছে। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সার কারখানা ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা পূরণে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেশে এলএনজি আমদানি বেড়েছে। গত বছর প্রায় ৭ দশমিক ৯৮ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করতে হয়েছে, যা পাঁচ বছর আগের তুলনায় অনেক বেশি। সামনের দিনগুলোতেও এলএনজি আমদানি আরো বৃদ্ধি পাবে।
বিদেশ থেকে এলএনজি এনে তা দেশে সরবরাহ করার গুরুত্বপূর্ণ অবকাঠামো হচ্ছে এলএনজি টার্মিনাল। বর্তমানে মহেশখালীর বিদ্যমান দুটি ভাসমান টার্মিনালের সম্মিলিত গ্যাস সরবরাহ সক্ষমতা দৈনিক প্রায় এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। তবে যেকোনো একটি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা ঘটলে সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। চলতি বছরের জুলাইয়ে একটি ভাসমান টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য অপর টার্মিনালটি বন্ধ হওয়ায় গ্যাস সেক্টরে সংকট তৈরি হয়। আমদানি করা গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হলে শিল্প–কারখানাসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাত সংকটে পড়ে। স্থলভিত্তিক স্থায়ী টার্মিনাল হলে এসব ঝুঁকি অনেকটা কমে যাবে উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, সংরক্ষণ ট্যাংকের ধারণক্ষমতা অনুযায়ী কয়েক সপ্তাহ বা তারও বেশি সময়ের জন্য এলএনজি মজুদ রাখা যাবে। ফলে সমুদ্র উত্তাল থাকলেও আগে থেকে সংরক্ষিত এলএনজি সরবরাহ করা সম্ভব হবে।
বিদ্যমান পরিস্থিতিতে সরকার মাতারবাড়িতে একটি স্থলভিত্তিক স্থায়ী টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই, বিস্তারিত প্রকৌশল নকশা তৈরি এবং বাস্তবায়নের জন্য ক্রয়প্রক্রিয়া পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এ লক্ষ্যে গত ১৭ নভেম্বর আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে।
সূত্র জানায়, প্রস্তাবিত টার্মিনালে আমদানি করা এলএনজি জাহাজ থেকে খালাস করে বড় সংরক্ষণ ট্যাংকে রাখা হবে। পরে বিশেষ ব্যবস্থায় তরল এলএনজিকে গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এজন্য জেটি, সংরক্ষণ ট্যাংক, গ্যাসে রূপান্তরকেন্দ্র এবং পাইপলাইনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য প্রায় ১৫৬ একর জমির প্রয়োজন হতে পারে। জমি অধিগ্রহণ থেকে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।
সূত্র বলেছে, মাতারবাড়ীর প্রকল্পটি বাস্তবায়নের আগে পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিনিয়োগ কাঠামো এবং বেসরকারি অংশীদার নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক মানের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানগুলো এককভাবে অথবা যৌথ উদ্যোগে আবেদন করতে পারবে। যোগ্যতা যাচাইয়ে অবকাঠামো ও জ্বালানি খাতে অন্তত ১০ বছরের পরামর্শক অভিজ্ঞতা এবং পিপিপি প্রকল্পে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে গুণগত মান ও ব্যয়ভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হবে। এ নিয়োগের ব্যয় আরপিজিসিএলের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট