নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি’র খুলশী থানা পুলিশ। এ সময় চোরাইকৃত ল্যাপটপ ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদের মনিজা মঞ্জিলে অবস্থিত বিষ্ণু পদ ধরের বাসায় গত ৫ মে রাত থেকে ৬ মে ভোরের মধ্যে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে প্রায় ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা, প্রাইজ বন্ড ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়েরের পর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার মিয়াখান নগর থেকে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালী থানার হাজারী লেইন এলাকার নিউ খাজা জুয়েলার্স থেকে ১৪.৪৬ গ্রাম গলিত স্বর্ণ, স্বর্ণ ক্রয়ের ভাউচার ও পরীক্ষার রিপোর্ট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট