নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বিগত দেড় বছর ধরে নগরের ১৫ থানা ও ১১ সাংগঠনিক ওয়ার্ডে বিএনপির কমিটি নেই। মহানগর কমিটির মাধ্যমে চলছে থানা ও ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম। কমিটি না থাকায় ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা। তবে মহানগর বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব বলেছেন- জাতীয় নির্বাচনের কারণে এসব কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। নির্বাচনের পর এসব থানা ও ওয়ার্ড কমিটিগুলো গঠনের জন্য কেন্দ্রের নির্দেশনা চেয়েছি। কিন্তু কেন্দ্র থেকে এখনো নির্দেশনা মেলেনি। যখনি নির্দেশনা পাবো, তখনি নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করবো।
সূত্র জানায়, ২০২৪ সালের ৭ জুলাই আলহাজ এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর প্রায় চার মাস পর ওই বছরের ৪ নভেম্বর ৫৩ সদস্যে উন্নীত করা হয় আহ্বায়ক কমিটি। এ কমিটিতে ১৬ জন যুগ্ম আহ্বায়ক ছাড়াও ৩৫ জনকে সদস্য রাখা হয়। এরপর ২০২৪ সালের ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপি ভেঙে দেয় নগরীর ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ বিএনপির কমিটি। তাতে নগরীর ১৫ থানা ঠিক রেখে সাংগঠনিক ওয়ার্ড আরো ৫টি বৃদ্ধি করে ৪৮টিতে উন্নীত করা হয়। এর প্রায় ছয়মাস পর ২০২৫ সালের ২৪ জুন কয়েক দফায় ৩৭টি ওয়ার্ডে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে মহানগর বিএনপি।
এর আগে ৩ জুন দল পুনর্গঠনের অংশ হিসেবে এসব ওয়ার্ডের তিন সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল। ওই কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও একজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। পরবর্তীতে ঘোষিত ৩১ সদস্যের এসব কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও একজন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একাধিক জনকে যুগ্ম আহ্বায়ক ও সদস্য করা হয়। প্রতিটি ওয়ার্ডকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার জন্য বলা হলেও গত এক বছরেরও কোনো ধরনের সম্মেলন হয়নি বলে জানা গেছে। এছাড়া এখনো ঘোষণা হয়নি আরো ১১ ওয়ার্ডে বিএনপির কমিটি।
কমিটি ঘোষণা প্রসঙ্গে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এমপি ও সদস্য সচিব নাজিমুর রহমান পূর্বকোণকে বলেন, ‘নগরীতে আগে ৪১টি ওয়ার্ড ও ২টি সাংগঠনিক ওয়ার্ড মিলে মোট ওয়ার্ড ছিল ৪৩টি। এবার আরো ৫টি সাংগঠনিক ওয়ার্ড বৃদ্ধি করে মোট ওয়ার্ড করা হয়েছে ৪৮টি। এর মধ্যে ৩৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে মহানগর বিএনপি ধারাবাহিকভাবে পুনর্গঠনের কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অবশিষ্ট ১১টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫ থানা কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। নির্বাচনের পর আমরা কেন্দ্রের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশ পেলে অবশিষ্ট ১১ ওয়ার্ড ও ১৫ থানা কমিটি গঠন প্রক্রিয়া শুরু করবো।’
দৈনিক চট্টগ্রামপোস্ট