প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম)
খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই একজনকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক অন্যজনের সন্ধানে চলছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালানোর চেষ্টা করে দুই হাজতি আসামি। খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) এবং রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)।
পলায়নের কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহায়তায় রাজিব হোসেনকে খাগড়াছড়ি টিএন্ডটি গেট এলাকা থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছে।
খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই হাজতি দেয়াল ডিঙিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। বাকিজনকে ধরার অভিযান চলছে। পলাতক শফিকুল ইসলাম একটি চুরির মামলার আসামি।”
এ ঘটনায় খাগড়াছড়ি জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটি গঠন করে ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক চট্টগ্রামপোস্ট